জগন্নাথপুরে ৩ জন শিক্ষককে 'গুণী শিক্ষক' হিসেবে সম্মাননা
আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩ জন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান ও যোগ্যতার ভিত্তিতে তাদের এই স্বীকৃতি প্রদান করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের মূল্যায়নে ১ম গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপা রানী দাস। ২য় গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম এবং ৩য় গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদ হোসাইন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সুনির্দিষ্ট মানদণ্ড ও মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায় থেকে এই ৩ জন গুণী শিক্ষককে মনোনীত করা হয়েছে। তাদের নাম ও তালিকা পরবর্তী কার্যক্রমের জন্য জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে।’
উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়ন ও পাঠদানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের এমন সম্মাননা প্রদান করা হয়।
