হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক
অনুমোদিত ছুটি ছাড়াই দীর্ঘ এক মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় নির্বাচন অফিসের এক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে হবিগঞ্জ-৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করে আসছিলেন এবং বর্তমানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, তিনি গত এক মাস ধরে দাপ্তরিক কোনো অনুমোদন বা ছুটি ছাড়াই কর্মস্থল থেকে লাপাত্তা ছিলেন। শ্রীমঙ্গলর একটি হোটেলে লুকিয়ে থেকে দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
আটক ব্যক্তির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে করা দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

