খেলাধুলার উন্নয়নে প্রতি ইউনিয়নে একটি করে মাঠ করা হবে
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল বলেছেন, দেশের খেলাধুলার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে জায়গা নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে চা শ্রমিকদের মাঝে রেইনকোট এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমপি এস এম ফয়সল বলেন, ‘এর আগে কখনো এভাবে তৃণমূল পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়নি। আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি জনগণের খাদিম। নিঃস্বার্থভাবে জনগণের সেবা করা এবং জনগণের অধিকার তাদের হাতে পৌঁছে দেওয়াই আমার প্রধান কাজ।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, মীর খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ এবং সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়, যা শ্রমিকদের কাজের সুবিধার্থে বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ফুটবল, জার্সি ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়।

