কমলগঞ্জে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহবধূ রাজনা বেগমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পলাতক স্বামী মো. আনোয়ার মিয়া (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী তামান্না বেগম ওরফে হাবিবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ বছর আগে রাজনা বেগমের সঙ্গে আনোয়ার মিয়ার বিয়ে হয় এবং তাদের সংসারে চার মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে রাজনা বেগমকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। এর মধ্যে তিন মাস আগে আনোয়ার মিয়া তামান্না বেগম ওরফে হাবিবাকে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে পারিবারিক কলহ ও নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
মামলার অভিযোগে আরও বলা হয়, ২৪ মে দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনার সঙ্গে আনোয়ার ও হাবিবাকে কথা কাটাকাটি হয়। সে সময় তারা রাজনা বেগমকে মারধর করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও পরদিন ২৫ মে বিকেলে স্বামী ও সতিনের সঙ্গে আবারো ঝগড়া হয় রাজনার। এর এক পর্যায়ে রাজনা বেগম বিষপান করলে তাকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের ভাই মো. মুক্তার মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রুহুল আমিন জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
