সিলেটে বছরে মাত্র একটি বাণিজ্যমেলা আয়োজনের দাবি মেট্রোপলিটন চেম্বারের
দেশের বর্তমান অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের কথা বিবেচনায় নিয়ে সিলেটে অনিয়মতান্ত্রিকভাবে আয়োজিত স্থানীয় মেলা ও ইনডোর মেলার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় সিলেটে প্রতি বছর কেবল একটি মানসম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিলেট মেট্রোপলিটন চেম্বার এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর-ভ্যাট, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতনসহ নানামুখী ব্যয় বহন করে ব্যবসা পরিচালনা করছেন। এমন প্রতিকূল সময়ে স্বল্পমেয়াদী বিভিন্ন মেলা বা ইনডোর মেলার মাধ্যমে একই ধরনের পণ্য কম খরচে বাজারজাত করা হলে স্থানীয় ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। এতে স্থানীয় বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার তাদের বিবৃতিতে আরও জানায়, বর্তমান বিদ্যুৎ ঘাটতির সময়ে মেলা আয়োজনের ফলে অবকাঠামোগত সুবিধার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা বাস্তবসম্মত নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্যান্য সকল ধরনের স্থানীয় ও ইনডোর মেলার অনুমতি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনটি উল্লেখ করে, আন্তর্জাতিক বাণিজ্যমেলা দেশের রপ্তানি উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখে। তাই সিলেটে বছরের একটি নির্দিষ্ট সময়ে সরকারি তত্ত্বাবধানে একটি মানসম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের পক্ষে তারা।
সিলেটের ব্যবসায়ী সংগঠন—বাংলাদেশ দোকান মালিক সমিতি (সিলেট জেলা শাখা), সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদসহ বিভিন্ন মার্কেট কমিটির দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মেট্রোপলিটন চেম্বার।
বিবৃতিতে আরও বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন চেম্বার বদ্ধপরিকর। আমরা আশা করি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে সিলেটে বছরে মাত্র একটি মানসম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

