‘সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই’
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনারে বক্তারা বলেছেন, সামাজিক অস্থিরতা, অন্যায় ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। নবীজীর সুন্নাহ ও রাজনৈতিক প্রজ্ঞা অনুসরণ করেই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর বার হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রাসুল (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায়, ইনসাফ ও মানবিকতার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বর্তমান সময়ের নানা সংকট মোকাবিলায় আইনজীবীদেরকে রাসুল (সা.)-এর সীরাত বা জীবনপঞ্জি থেকে শিক্ষা নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট মো. সালেহ আহমদ এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম।
সেমিনারে বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দীলু, অ্যাডভোকেট সলমান উদ্দিন, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট ইয়াসিন খান, ব্যারিষ্টার আবুল ফজল চৌধুরী ও অ্যাডভোকেট রবিউল ইসলাম।
সেমিনারে সিলেটের বিভিন্ন স্তরের আইনজীবী ও ল’ইয়ার্স কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শকে আইন পেশায় ও ব্যক্তিগত জীবনে প্রতিফলিত করার ওপর গুরুত্বারোপ করেন।

