বড়লেখায় পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেফতার ৩ জন
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে ১৭ লিটার চোলাইমদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
চোলাইমদসহ গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার মহদিকোনা গ্রামের মৃত দছির আলীর ছেলে বদরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৭ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি মাহদি হাসান (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পাকশাইল গ্রামের আব্দুর রবের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলা রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিনজনকে বৃহস্পতিবার যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ও আইন-শৃঙ্খলার উন্নয়নে বড়লেখা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
