বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ অটোচালক, গ লা কা টা লাশ মিলল নদীতে
মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের দু'দিন পর আবুল কালাম বুলুচাঁন (৪২) নামে সিএনজি অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের পাশের জুড়ী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম বুলুচাঁন উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
বুলুচাঁনের ভাই কামাল মিয়া জানান, মঙ্গলবার সকালে সিএনজি অটোরিকশা নিয়ে বুলুচাঁন বাড়ি থেকে বের হয়ে কচুরগুল গ্রামে তিনি তার শ্বশুর বাড়িতে যান। সেখানে অটোরিকশা রেখে পারিবারিক বৈঠকে অংশ নেন। এর পর থেকেই তিনি নিখোঁজ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জুড়ী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

