ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন কীর্তি ইয়ামালের
একের পর এক গোল করেই যাচ্ছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার তরুণ উইঙ্গার লা লিগায় রেসিং সানটান্ডারের বিপক্ষে বার্সেলোনার ৭-২ গোলের বিশাল জয়ের রাতেও পেয়েছেন জালের দেখা। তাতেই ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা ৫ ম্যাচে গোল করার বিরল মাইলফলক স্পর্শ করলেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
চলতি ২০২৬-২৭ মৌসুমে ইয়ামালের এই গোলবন্যার সূচনা হয়েছিল গত ৩১ আগস্ট। রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সার ২-০ গোলের জয়ের ম্যাচে করেছিলেন জোড়া গোল। সেই যে গোলমেশিন চালু হলো, থামার নামই নেই! পরের ম্যাচেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ে আবারও দুইবার জালের দেখা পান তিনি।
এরপর চ্যাম্পিয়নস লিগে ফেয়েনোর্ডের বিপক্ষে বার্সেলোনার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও ইয়ামালের পা থেকে আসে এক মূল্যবান গোল। ধারাবাহিকতার এই চিত্রনাট্য আরও রঙিন হয়ে ওঠে ১৩ সেপ্টেম্বর লেভান্তের বিপক্ষে। ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের দিনে আবারও জোড়া গোল করেন এই তারকা।
অবশেষে বুধবার রাতে ন্যু ক্যাম্পে রেসিং সানটান্ডারের বিপক্ষে ৭-২ ব্যবধানে জয়ের ম্যাচে দলের সপ্তম গোলটি করে টানা ৫ ম্যাচে গোল করার এই কীর্তি পূর্ণ করেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে স্বপ্নের মতো শুরু করা এই স্প্যানিশ সেনসেশন শেষ ৫ ম্যাচেই মোট ৮টি গোল নিজের নামের পাশে ঝুলিয়ে নিয়েছেন।
এদিকে, বার্সেলোনার জার্সিতে গত মৌসুমে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্টের পাশাপাশি লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন ইয়ামাল। এরপর স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ ট্রফিও। সম্প্রতি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রকাশিত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গাও পেয়েছেন এই ফরোয়ার্ড।
ইয়ামালের দাবি, চলতি বছর যা অর্জন করেছেন, তাতে ব্যালন ডি’অর তারই প্রাপ্য। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ফুটবলের এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি। সেই মঞ্চে পা রাখার আগে যেন নিজেকে নতুন করে জানান দিচ্ছেন ইএ তরুণ তুর্কি।

