মাধবপুরে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষকদের সাথে এমপির মতবিনিময়
হবিগঞ্জের মাধবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম এবং উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোনাই নদী, উপজেলা পরিষদের পুকুর এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম ফয়সল।
প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়সল বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই মুখ্য।
সভায় তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, শিক্ষক প্রতিনিধি শামসুর রহমান, সেলিনা আক্তার ও নূরজাহান আক্তার। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে সংসদ সদস্য এস এম ফয়সল আকস্মিকভাবে শ্রেণিকক্ষ ভেঙে পড়া রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে নির্মিত নতুন শ্রেণিকক্ষ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। নতুন শ্রেণিকক্ষ পাওয়ায় বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ফের স্বাভাবিক গতি ফিরে পাওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
