শাল্লায় ৭০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লায় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত সেলিনা আক্তার উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের দাড়াইন বাজার এলাকার মো. আশিক মিয়ার স্ত্রী।
শাল্লা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শাহজাহান ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশ দল দাড়াইন বাজারে অভিযান চালায়। এ সময় ৭০ লিটার চোলাই মদসহ সেলিনা আক্তারকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় তার বিরুদ্ধে শাল্লা থানায় একটি মামলা (মামলা নং-০৪, তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে এলাকায় চোলাই মদের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। ভয়ে স্থানীয় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেতেন না।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। মাদকের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
