ছুটি ছাড়াই সাড়ে ৩ মাস কানাডায় ওসমানীনগরের চিকিৎসক!
সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান কোনো প্রকার অনুমতি বা ছুটি ছাড়াই দীর্ঘ সাড়ে তিন মাস ধরে কানাডায় অবস্থান করছেন। কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর রহমানকে জেলা সিভিল সার্জনের আদেশে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটাচমেন্ট হিসেবে পদায়ন করা হয়। গত বছরের পহেলা সেপ্টেম্বর তিনি ওসমানীনগরে যোগদান করেন। মাত্র আট মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের পহেলা জুন তিনি কাউকে কিছু না জানিয়েই কানাডায় পাড়ি জমান।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর সেবা চালু হওয়ার পর স্থানীয় অসহায় মানুষ কিছুটা চিকিৎসা সুবিধা পেলেও ডা. শাহিনুরের দীর্ঘ অনুপস্থিতি সেবা কার্যক্রমকে ব্যাহত করছে। অভিযোগ রয়েছে, একজন সরকারি কর্মকর্তা কর্মস্থলে সাড়ে তিন মাস অনুপস্থিত থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান বলেন, ডা. শাহিনুর রহমান কর্মস্থলে যোগ না দেওয়ায় আমরা তাকে শোকজ করেছিলাম। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে ওসমানীনগর হাসপাতাল থেকে তার সংযুক্তি (এটাচমেন্ট) বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডা. শাহিনুর রহমান অননুমোদিতভাবে কোনো ছুটি না নিয়েই বিদেশে অবস্থান করছেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।
দীর্ঘদিন ধরে একজন সরকারি চিকিৎসকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে স্থানীয় সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
