৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটমচালকের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া চালক প্রীতম এরিকের (৪৫) মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রীতম এরিক (পিতু) কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় চলন্ত অবস্থায় ব্যাটারিচালিত একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে যায়। এ সময় চালক প্রীতম এরিক নদীর পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যৌথ উদ্ধার অভিযান চালায়। অনুসন্ধানের একপর্যায়ে নদী থেকে টমটমটি টেনে তোলা সম্ভব হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকালে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় জেলেরা মাছ ধরার সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিখোঁজ হওয়ার পর নদীর প্রবল স্রোতে মরদেহটি কয়েক কিলোমিটার ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নদী থেকে নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

