শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার মার্কুলী গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মার্কুলী গ্রামের মৃত মোতাব্বির হোসেনের ছেলে রকিব উদ্দিন এবং একই গ্রামের মৃত দরশ মিয়ার ছেলে হাজী মহি উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাল্লা থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে শনিবার এসআই শওকত আলী, এসআই ইমাম আরেফিন, এসআই কামাল উদ্দিন ও এএসআই গোলাম কিবরিয়াসহ পুলিশের একটি দল মার্কুলী গ্রামে অভিযান চালায়। অভিযানে হবিগঞ্জের সিআর মামলা নং-৮৮৭/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি রকিব উদ্দিন ও হাজী মহি উদ্দিনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে শাল্লা থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
