কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচে ৫টি বিষধর কোবরা সাপের বাচ্চা উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে অত্যন্ত বিষধর ‘মনোক্লেড কোবরা’ প্রজাতির ৫টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জের জাপানি বাড়ি ‘মুজাহিদ মঞ্জিল’-এ এ ঘটনা ঘটে।
বাড়িটির মালিক জাপান প্রবাসী মুজাহিদ আলীর পরিবারের সদস্যরা সিঁড়ির নিচে সাপগুলো দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা তাৎক্ষণিক রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজকান্দি রেঞ্জের কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব। তারা অভিযান চালিয়ে সিঁড়ির নিচ থেকে একে একে ৫টি বিষধর মনোক্লেড কোবরা সাপের বাচ্চা অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপগুলো অত্যন্ত বিষধর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপগুলোকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ বলেন, বর্ষাকাল ও ভ্যাপসা গরমের সময় সাপ লোকালয়ে চলে আসে। বসতবাড়ির আশেপাশে ঝোপঝাড় বা সিঁড়ির নিচে অন্ধকার ও স্যাঁতসেঁতে জায়গা থাকলে সাপ আশ্রয় নিতে পারে। তিনি সবাইকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন।
