ওসমানীনগরে কৃষি ঋণ প্রচারণা ও ২৪ লাখ টাকা ঋণ বিতরণ
সিলেটের ওসমানীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৭ জন কৃষক ও কৃষি উদ্যোক্তার মধ্যে মোট ২৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং ঢাকা ব্যাংকের কর্মকর্তা তাওরেম রাতুল সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক ধরনী কান্ত দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন মিয়া মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম তালুকদার এবং ঢাকা ব্যাংক পিএলসি লালদিঘিরপাড় শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সুমন বনিক। স্বাগত বক্তব্য দেন ঢাকা ব্যাংক পিএলসি গোয়ালাবাজার শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার শাহাদাত হোসেন চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধরনী কান্ত দাশ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষকদের সঠিক সময়ে অর্থের জোগান দেওয়া গেলে দেশের উৎপাদন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। আমরা চাই প্রকৃত কৃষকরা যেন সহজ শর্তে ঋণ পেয়ে তা উৎপাদনশীল কাজে ব্যবহার করেন এবং সময়মতো ঋণ পরিশোধ করে দেশের অর্থনীতিতে অবদান রাখেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মুনমুন নাহার আশা বলেন, কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক ও সরকারি দপ্তরগুলোর এই সমন্বিত উদ্যোগ প্রশংসনীয়। এটি নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির মাধ্যমে বাছাইকৃত ১৭ জন উদ্যোক্তার হাতে ২৪ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন ব্যাংকের পদস্থ কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
