বড়লেখায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামের দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। ওই সময় তার মা রান্নাঘরে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে সৃজয়ীকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাশের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। সৃজয়ীর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
