শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ সম্পন্ন
সুনামগঞ্জের শাল্লায় উৎসবমুখর পরিবেশে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শনিবার (০৫ সেপ্টেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়। আলোচনা সভায় ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকদের সম্মাননা জানানো হয় এবং একই সময়ে নিয়োগপ্রাপ্ত নবীন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মনোজ সরকার খোকন ও অরবিন্দু দাসের সভাপতিত্বে এবং অনাদি তালুকদার ও পল্লবী চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এনামুল হক। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাক মিয়া। বিদায়ী শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী রাণী সরকার।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের ভিত্তি। শিক্ষার মানোন্নয়ন ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নবীন শিক্ষকদের উচিত প্রবীণদের অভিজ্ঞতা ও আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের সুনাগরিক গড়ে তোলায় আত্মনিয়োগ করা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, জাকির হোসেন, আঃ করিম মাস্টারসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ ধামাইল গান ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
