ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত
ওসমানীনগরের তাজপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আহমদ আলী (২০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যান চালক।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে তাজপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহি মাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তাজপুর বাজারে লাকড়ির ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন আহমদ আলী। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়িটির নিচে চাপা পড়েন। পরে চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা-পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আহমদ আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।News
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ থানায় আনা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

