শাহ আব্দুল করিমের গানে শাল্লায় বিশাল নৌকা বাইচ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সুরে আর বৈঠার ছন্দে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কান্দিগাঁও গ্রামের বিশাল হাওরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়—ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’—বাউল সম্রাটের কালজয়ী এই গানের সুরে এবং মাঝিদের সারি গান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হাওর এলাকা। এ সময় হাজার হাজার উৎসুক জনতা হাওরের চারপাড়ে ভিড় জমান।
প্রতিযোগিতায় ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা, নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা ও গোয়ানী গ্রামের নৌকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দ্রুতগতির দীর্ঘ নৌকাগুলো অংশ নেয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নৌকা বাইচ আমাদের লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হাওরবাসীর এই প্রাণের উৎসব আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী পারভীন আক্তার, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল আউয়াল, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাস এবং শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল আহমদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচকে ঘিরে পুরো শাল্লা উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
