সন্ত্রাসবিরোধী আইনে সিলেটে ছাত্রলীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মা ম লা
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় সংগঠনটির সিলেট জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় রাহেল সিরাজের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. আফসার উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট সকাল পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে দক্ষিণ সুরমা থানার ৩ নম্বর তেতলী ইউনিয়নের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন নির্মাণাধীন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন পরস্পর যোগসাজশে উসকানি, মদদ ও ষড়যন্ত্রের মাধ্যমে সরকারবিরোধী ঝটিকা মিছিল বের করেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উগ্রবাদ প্রচার ও প্ররোচনা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অভিযোগের ভিত্তিতেই সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
মামলার প্রধান আসামি রাহেল সিরাজ (৩০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার মাইজভাগ এলাকার মৃত উজ্জ্বল আহমদ বখতিয়ারের ছেলে।
উল্লেখ্য, ৬ আগস্ট সকালে তেতলী ইউনিয়নের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে ও সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন নির্মাণাধীন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়।

