শাল্লায় পুলিশি অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. হেলাল মিয়া (৪৪), একই ইউনিয়নের আটগাঁও (বড়হাটি) গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন (৪৬) এবং উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে মো. খিজির মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার এসআই ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতপুর অটোস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হেলাল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচাকালে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০২ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (জিআর নং-৮৩/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই শওকত আলী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।
