ওসমানীনগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বামীর বিরুদ্ধে ২১ ও স্ত্রীর বিরুদ্ধে ৪ মামলা
সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রী ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মো. মখলিছ আলীর বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে ২১টি এবং তার স্ত্রী লাকী বেগমের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ওসমানীনগর থানার দয়ামির এলাকায় এসআই মো. আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. মখলিছ আলী (৫২), তার স্ত্রী লাকী বেগম (৪০) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর রামলোহ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩০)। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া এলাকায় জনৈক শহিদুল ইসলাম রেনু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৩০০ টাকা এবং একটি মানিব্যাগ জব্দ করা হয়। মখলিছ ও লাকী দম্পতি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এ ঘটনায় ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৮, জিআর নং-১১৯)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
