গোয়াইনঘাটে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন এক তরুণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক তরুণ। ধর্ম পরিবর্তনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি নিজের নতুন নাম রেখেছেন মো. আব্দুর রহমান। তাঁর পূর্বের নাম ছিল শ্রী পানেশ বিশ্বাস। তিনি উপজেলার হাদারপাড় গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সিলেট আদালত এলাকায় নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ধর্ম পরিবর্তন সংক্রান্ত একটি হলফনামা সম্পাদন করেন।
হলফনামায় মো. আব্দুর রহমান উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এবং সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আদর্শ, মৌলিক বিশ্বাস ও বিধিবিধান সম্পর্কে বিচার-বিশ্লেষণ করার পর এর প্রতি আকৃষ্ট হয়ে তিনি ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন।
হলফনামায় তিনি আরও দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে তাঁকে কোনো প্রকার প্ররোচনা, বলপ্রয়োগ কিংবা প্রলোভন দেখানো হয়নি। তিনি নিজের বিবেক-বুদ্ধি ও আইনগত জ্ঞান অনুযায়ী স্বাধীনভাবে এই পথ বেছে নিয়েছেন।
এখন থেকে ব্যক্তিগত, পারিবারিক এবং সরকারি-বেসরকারি সকল দাপ্তরিক ও আইনগত নথিতে তিনি তাঁর নতুন নাম ‘মো. আব্দুর রহমান’ ব্যবহার করবেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। সংবাদটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
