ওসমানীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফুটপাত দখলকারী ফল ব্যবসায়ীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে দুটি ক্যামেরা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোয়ালাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে ফিরছিলেন কয়েকজন সংবাদকর্মী। এসময় ১৫-২০ জন ক্ষুব্ধ ফল ব্যবসায়ী সাংবাদিকদের পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করতে চাইলে তারা উত্তেজিত হয়ে হামলা চালায় এবং সাংবাদিকদের ব্যবহৃত দুটি ক্যামেরা ছিনিয়ে নেয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে সাংবাদিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় ফুটপাত দখল, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযানে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দকৃত বিপুল পরিমাণ ফল স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান এবং ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ পরই ভাসমান ব্যবসায়ীরা পুনরায় ফুটপাত দখল করে বসলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে ইউএনও মুনমুন নাহার আশা জানান, আগামী পাঁচ দিন মাইকিং করে প্রচারণা চালানো হবে যাতে কেউ ফুটপাতে না বসে। এরপরও কেউ আইন অমান্য করলে আগামী সোমবার থেকে পুনরায় কঠোর অভিযান পরিচালনা করা হবে।
