রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী আগামী বৃহস্পতিবার(৬ আগস্ট)।
তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।
দিনটি উপলক্ষে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কুরআন খতম ও দেশ-বিদেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
নৌবাহিনীর সব সদস্য ও তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হবে।
তার জন্য ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ প্রায় ২২ মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরআনখানি এবং খাবার বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে।
মরহুমের জন্মভূমি পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর দরগাহ মসজিদে এবং তার পারিবারিক বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বগুড়া ও জামালপুরেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শ্রদ্ধাভরে তাকে স্মরণ করা হচ্ছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন, নিউইয়র্ক, ফ্লোরিডা), মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে বিশেষ দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।
ব্যক্তিজীবনে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান পবিত্র কাবা শরিফ ধোয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন। সেই পবিত্র স্মৃতিচিহ্ন আজও সংরক্ষিত আছে।
তার স্মৃতি ও আদর্শকে ধারণ করে তার স্ত্রী বেগম মাহবুব আলী খান ১৯৭৯ সালে সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সুরভী’ গড়ে তোলেন, যা আজও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ছাড়া তার স্মরণে ইতিমধ্যে একটি মেমোরিয়াল মিউজিয়াম স্থাপন করা হয়েছে।
ভবিষ্যতে তার জন্মভূমি সিলেটে হৃদরোগ গবেষণা ও বিনামূল্যে চিকিৎসার জন্য রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং একটি প্রিভেন্টিভ কার্ডিওলজি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

