কমলগঞ্জে উপবৃত্তি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শনিবার (২৫ জুলাই) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। একই অনুষ্ঠানে তিনি বছরে ‘এক লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি জনগোষ্ঠীর সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। এই সহায়তাগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বদলে দিতে সহায়ক হবে।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বাড়ির আশেপাশে ও পতিত জমিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই সরকারের এ কর্মসূচির মূল লক্ষ্য। শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সেলাই মেশিন ও বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী পদক্ষেপ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
