ক্রাশার মিল ও নৌকার মোটর, ট্রান্সফরমারসহ যন্ত্রাংশ চুরিই ছিল তাদের পেশা
সুনামগঞ্জের ছাতকে নৌ পুলিশের হাতে ধরা পড়েছে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্য। যারা দীর্ঘদিন ধরে ক্রাশার মিল ও নৌকার মোটর, ট্রান্সফরমারসহ মূল্যবান যন্ত্রাংশ চুরির সাথে জড়িত।রোববার (১৯ জুলাই) মধ্যরাত সাড়ে ১১টার দিকে রেলওয়ে কলোনী সংলগ্ন সুরমা নদীর তীরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় চোরাই ৬টি মোটর ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও।
নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা নদীর তীরে রমজান আলীর ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ৬টি চোরাই মোটর উদ্ধার ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। একই সাথে চুরির সাথে জড়িত চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার গনেশপুর গ্রামের ছড়ারপাড় এলাকার তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) ও বাগবাড়ি এলাকার রমজান মিয়া (৪০)।
নৌ পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর দুই তীরের বিভিন্ন ক্রাশার মিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
