সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখতে হবে
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, একটি সুস্থ ও সবল সমাজ গঠন করতে হলে আমাদের যুব সমাজকে মাদকাসক্ত থেকে অবশ্যই বিরত রাখতে হবে। মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের সামাজিক প্রতিবাদ ও জনসচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।
শনিবার (২০ জুন) দুপুরে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক সামাজিক সচেতনতামূলক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, মাদকবিরোধী আন্দোলন বেগবান করতে ছাতক পৌর শহর, গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজারে পৃথক র্যালির উদ্যোগ নিতে হবে। সবার আগে ছাতক পৌর শহরের ৬নং ওয়ার্ডকে মাদকমুক্ত ঘোষণা করার উদ্যোগ নিন। এরপর পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং উপজেলার প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সর্বস্তরের নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তিনি ছাতক পৌর শহরের ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার নির্দেশ দেন এবং ছাতক বাজার থেকে ৪ কিলোমিটার ফোরলেন রাস্তার কাজ শিগগিরই শুরু হবে বলে ঘোষণা দেন।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও বিএনপি নেতা ডাক্তার আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দীন সুমেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব এবং ছাতক জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন নোয়ারাই ইউপি চেয়ারম্যান পীর আবদুল খালিক রাজা, ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কয়েছ আহমদ, নিরাপদ ছাতকের আহবায়ক রিয়াজ আহমদ রাজুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়কবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মো. খালেদ মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেবসহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিন উদ্দিন এবং গীতা পাঠ করেন অরুণ অধিকারী। বক্তারা ছাতককে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান।
