সিলেট নগরীতেই আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ‘আস্তানা’
মৌলভীবাজার পুলিশ এসে ধরল দুইজনকে, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় টানা তিনদিন অভিযান চালিয়ে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারও।
গ্রেফতারকৃতরা হলো সিলেট নগরীর দক্ষিণ সুরমার পূর্ব ছিরামপুর গ্রামের আফতাব মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর (৪২) ও চান্দাই এলাকার মো. আবুল হোসেনের ছেলে আকমল হোসেন (৩৯)।
শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।
গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর দীর্ঘ ১৫ বছরের অধিক সময় বিভিন্ন ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় কারাভোগ করেছে। আকমল হোসেনের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ১৭ মে বিকেল সাড়ে ৫টার দিকে এক গৃহবধূ তার সন্তানসহ অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে লাল রঙের মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। একপর্যায়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ বিশেষ টিমের অভিযানে নামে। টানা তিন দিন অভিযান চালানো হয় সিলেট জেলা ও নগরীর বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার নগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় আকমল হোসেনকে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেলযোগে সিলেট নগরী থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে এসে নারীদের অনুসরণ করত। নির্জন স্থান বুঝে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যেত।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে অংশ নেয়া এক পুলিশ কর্মকর্তা জানান, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের কয়েকজন ছিনতাইকারীকে সনাক্ত করা হয়েছে। তাদের অধিকাংশেরই বসবাস সিলেট নগরীতেই। সিলেট নগরীর পাশাপাশি অন্য জেলায় তারা ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন অপরাধ কর্মে জড়িত।
তিনি জানান, সম্প্রতি মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় এ চক্র সক্রিয় ছিল। এ ছাড়া ১০ মে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত এমন একটি ছিনতাই মামলার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। দীর্ঘদিন তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের সনাক্ত করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের জানান, ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

