হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।
অভিযান সূত্রে জানা গেছে, শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে অপরিচ্ছন্ন পরিবেশ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর রাজনগর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (পরীক্ষার বিকারক) ব্যবহার এবং ঔষধ ও বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের বেবিস্ট্যান্ড এলাকার আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং যথাযথ প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় আরও ১ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস সাংবাদিকদের বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে, তাদের জরিমানার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

