গোয়াইনঘাটে বেগম খালেদা জিয়ার স্মরণে ড্যাবের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সিলেটের গোয়াইনঘাটে অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এই বিশালাকার মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। দিনব্যাপী এই ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা নারী, শিশু ও বৃদ্ধসহ কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পরামর্শের পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে এবং গ্রামীণ অসহায় মানুষের দ্বারে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ড্যাব এই উদ্যোগ নিয়েছে। আর্তমানবতার সেবায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রফেসর এ.কে.এম. খালিকুজ্জামান দিপু, সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, সহকারী অধ্যাপক আশফাক নবী কনক, ডা. রিয়াজ চৌধুরী মিল্টন এবং সিনিয়র ডা. মাহবুবুর রহমান।
বিশেষজ্ঞ চিকিৎসক দলে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. তানভীর ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মেহবুব আহসান রনি, সহকারী অধ্যাপক ডা. মনজুর আল মুর্শেদ চৌধুরী, ডা. কায়সার ইয়ামিন ইশাদ, সহযোগী অধ্যাপক ডা. শামীম উর রহমান, অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, অধ্যাপক মোস্তফা তৌফিক, ডা. জাহিদুল ইসলাম সুমন এবং সহযোগী অধ্যাপক ডা. শোয়েব আহমেদসহ ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
চিকিৎসাসেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা জাহিদ আহমদ, উপজেলা যুবদলের সদস্য মাসুক আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, উপজেলা জাসাস'র সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুর রব।
এছাড়াও উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জুবের আহমদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহমদ এবং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। সেবাগ্রহীতারা জানান, বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা যেখানে কঠিন, সেখানে নিজ এলাকায় এমন বড় মাপের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের অনেক উপকার করেছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
