তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বাস, বরণে প্রস্তুত সিলেটবাসী
২২ বছর পর সিলেটে আসছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন তিনি। তখন তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব। এবার আসছেন দলের চেয়ারম্যান হয়ে। উপলক্ষ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
সরেজমিন দেখা যায়, তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে বরণ করতে প্রস্তুত সিলেটের মানুষ। নগরীর মোড়ে মোড়ে তারেক রহমান ও সিলেট বিএনপির নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে। বিমানবন্দর থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ পর্যন্ত সড়কের দু’পাশ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। আলিয়ার মাঠে দেখা যায়, মঞ্চ প্রস্তুত প্রায় সম্পন্ন। চারদিক ব্যানার ফেস্টুনে আচ্ছাদিত। সুন্দর সমাবেশ নিশ্চিত করতে নেতাকর্মীরা সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষত সিলেটের বিভিন্ন এলাকা থেকে মানুষের আগমন ঘটছে। আলিয়ার মাঠে অনেকেই রাতযাপন করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, তারেক রহমান দলটির চেয়ারম্যান ছাড়াও সিলেটের জামাই। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান সিলেটেরই সন্তান। যার জন্য তারেক রহমানকে নিয়ে বাড়তি আগ্রহ সিলেটবাসীর। তার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও প্রচারণা চালাচ্ছে দলটি।
দলের নেতারা জানান, তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। রাতেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামের শ্বশুরবাড়ি যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। পরে বেলা ১১টার দিকে তিনি নগরীর চৌহাট্টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে।
তারেক রহমানের সফরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এরই মধ্যে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য একটি নিরাপত্তার ছক তৈরি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, তারেক রহমানের সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার একটি ছক তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এরই মধ্যে সাদা পোষাকে পুলিশ কাজ শুরু করেছে।
তিনি বলেন, তারেক রহমানের জনসভার ভেতর ও বাহির থেকে শুরু করে প্রতিটি স্থানে আমাদের নজরদারি থাকবে। ড্রোন দিয়েও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না থাকে, সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
