ইয়ং পেগাসাসের প্রতিরোধ গুঁড়িয়ে এপোলো-১১ এর শ্বাসরুদ্ধকর জয়
সিলেট জেলা ক্রীড়াসংস্থা আয়োজিত ও পেনহিল লজিস্টিক-এর পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬-এ এক নাটকীয় জয় পেয়েছে এপোলো-১১ ক্লাব। বুধবার (১৪ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত লিগের ১২তম ম্যাচে তারা ইয়ং পেগাসাসকে ১১ রানে পরাজিত করে। লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এটি এপোলো-১১ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জয়।
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এপোলো-১১। তবে ইয়ং পেগাসাসের বোলার জাফরুল, বিপ্লব ও দিপনের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। ৪৩.৩ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় এপোলো-১১-এর ইনিংস। দলের পক্ষে ওপেনার রাকিব শুরুটা ভালো দিলেও (৩৫ রান) মিডল অর্ডারে ধস নামে। তবে এক প্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ব্যাটিং করেন রেদ্বওয়ান রাফি। তিনি ৮১ বলে ৫৪ রানের একটি মূল্যবান অর্ধশতক উপহার দেন। এছাড়া মারুফ মিয়া ৪০ এবং শাহরিয়ার ২০ রান করে দলকে দেড়শোর্ধ্ব সংগ্রহ এনে দিতে সহায়তা করেন।
ইয়ং পেগাসাসের বোলার জাফরুল ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া রাহিম, বিপ্লব ও দিপন প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে ইয়ং পেগাসাস। এপোলো-১১-এর বোলার সুজন ও মুরাদের তোপে মাত্র ৬২ রানেই ৭ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় তারা। কিন্তু ম্যাচের চিত্র বদলে দেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। বিশেষ করে বিনয় এবং শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যাটে ম্যাচটি শ্বাসরুদ্ধকর উত্তেজনায় রূপ নেয়। বিনয় ৭৭ বলে ৪৬ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। দলের স্কোর যখন ১৬৫, তখন জয়ের জন্য মাত্র ১২ রান বাকি থাকা অবস্থায় বিনয় দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন। বিনয় আউট হওয়ার সাথে সাথে ইয়ং পেগাসাসের জয়ের আশাও শেষ হয়ে যায়। শেষ দিকে তামিম ২১ এবং নাহিম ১৬ রান করে লড়াই চালিয়েছিলেন।
এপোলো-১১-এর পক্ষে অসাধারণ বোলিং করেন সুজন। তিনি ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। মুরাদ ১০ ওভারে ৩ মেডেনসহ ২৫ রানে নেন ৩টি উইকেট।
বল হাতে চমৎকার নৈপুণ্য প্রদর্শনের জন্য এপোলো-১১ ক্লাবের সুজন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন রবিন চৌধুরী ও সেলিম মিয়া। স্কোরার হিসেবে ছিলেন আশরাফ আরমান এবং অনলাইন স্কোরারের দায়িত্বে ছিলেন উমর ফারুক শিপন।
এই জয়ের ফলে লিগ টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছাল এপোলো-১১, অন্যদিকে জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ের হতাশায় মাঠ ছাড়তে হলো ইয়ং পেগাসাসকে।
