কোম্পানীগঞ্জে অসহায় মানুষের পাশে ৪৮ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ব্যবস্থাপনায় কালাসাদেক বিওপির আওতাধীন নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার ৫০০ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি। এসময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় আর্তমানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশজুড়ে বিজিবির সদর দপ্তরসহ বিভিন্ন ব্যাটালিয়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সীমান্তবাসীদের জন্য কঠোর সতর্কবার্তাও দেন সেক্টর কমান্ডার। তিনি বলেন, “অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সীমান্ত এলাকাকে অপরাধমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে।” তিনি চোরাচালানের মতো বিপজ্জনক পথে না গিয়ে বিকল্প ও বৈধ কর্মসংস্থানে যুক্ত হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

