জাফলংয়ে বালু উত্তোলনের সময় পাড় ধসে শ্রমিকের মৃত্যু
সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে জাফলং চা-বাগান সংলগ্ন পিয়াইন নদীর পাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম বাচ্চু মিয়া (৫০)। তিনি গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একদল শ্রমিক জাফলং চা-বাগান এলাকার নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করছিলেন। বালু কাটার একপর্যায়ে নদীর তীরের একটি বিশাল মাটির স্তূপ আকস্মিক ধসে পড়ে। এসময় অন্য শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারলেও বাচ্চু মিয়া মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নদীর তীর থেকে বালু উত্তোলনের সময় পাড় ধসে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
