ভারতে সাজা ভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিক। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা ১৭ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
সাজার মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের কর্তৃপক্ষের আইনি প্রক্রিয়া ও সমঝোতার মাধ্যমে বুধবার দুপুরে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফেরত আসা নাগরিকরা হলেন: মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবি-বিএসএফের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে ওই ১৭ বাংলাদেশিকে গ্রহণ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
