শাবি ছাত্রীসংস্থার নানা আয়োজন
মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিলেন ছাত্রীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে ‘ফ্রি মেডিকেল ও চেকআপ ক্যাম্প ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ ও উচ্ছ্বাস দেখা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন হয়। এতে ছয় শতাধিক ছাত্রী বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
ক্যাম্পে বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তচাপ ও গ¬ুকোজ টেস্ট, মানসিক স্বাস্থ্য পরামর্শ, ওষুধ প্রদান, চা স্টল, প্রকাশনী স্টল, ইনফরমেশন ডেস্ক, ডাক্তার চেম্বার, পিঠা, প্রসাধনী, মেহেদী উৎসব ও বুটিক স্টলসহ নানা আয়োজন ছিল।
দুপুরে প্রোগ্রাম পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, আজকের প্রোগামটি খুবই সুন্দর। মেয়েদের ফ্রি মেডিকেল সেবার পাশাপাশি বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এরকম আয়োজন আমাদের মেয়েদেরকে উজ্জীবিত করবে বলে আশা করছি।
সংগঠনটির শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন। আমরা বোনদের জন্য ব্যতিক্রমধর্মী সেবা রাখার চেষ্টা করেছি।’ তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাসে ব্যানারভিত্তিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আমরা কাজ করতে পারি নি। গত সেপ্টেম্বরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সময়োপযোগী এ আয়োজন করতে পেরেছি।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সুমাইয়া নাভা বলেন, আমাদেরকে দীর্ঘদিন প্রোগ্রাম আয়োজন করতে দেওয়া হয় নি। কোনঠাসা করে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর থেকেই আমরা মেয়েদের জন্য আলাদা একটি প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা করেছিলাম। অবশেষে আজ তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। সিলেটের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে সেবা দিয়েছেন।
এসময় অনুষ্ঠানে আসা নারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এক জায়গায় নানা ধরনের সেবা পাওয়া গেছে, যা আমাদের জন্য খুবই উপকারী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপের মাঝে এমন আয়োজন মন ভালো করে দেয়। বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো অনেক সহায়ক ছিল।
দিনভর মেডিকেল ক্যাম্প ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
