হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০
সিলেটের মাজার জিয়ারত শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস উল্টে একজন নিহত হয়েছেন। এসময় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম বাদল মিয়া (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পিরগাছা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে রিজার্ভ যাত্রী নিয়ে কুমিল্লাগামী একটি বাস বেজুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় বাদল মিয়া নিহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

