ভিসা জটিলতা নিরসনে কাজ করছে ভারত
ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং বলেছেন, বাংলাদেশের ব্যবসায়ী এবং পর্যটকদের ভিসা প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে এবং যথাসময়ে সকল সমস্যা ও জটিলতা নিরসন করে উভয় দেশের মানুষের ভিসা প্রাপ্তি সহজীকরণের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সহজতর হবে।
টি. হ্যাংসিং বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ উপলক্ষে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতি কর্তৃক তার সম্মানে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ভোলাগঞ্জকে এই অঞ্চলে ভবিষ্যৎ ব্যবসা ও পর্যটনের প্রাণ উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাকৃতিক উন্নয়নের ধারা আরও শাণিত হবে।
ভোলাগঞ্জ স্থলবন্দর মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আবদুল হাছিব, আক্তারুজ্জামান নোমান, আবদুস সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, আবুল ফজল, শাহনেওয়াজ লিটন, আকদ্দস আলী, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কাওসার আহমেদ, সাজ্জাদ হোসেন দুদু, আবদুর রহমান, আতাউর রহমান, সুন্দর আলী, আবদুল মতিন ভেড়াই, ইসমাইল হোসেন, সোহান আহমদ, মনির উদ্দিন, জাকারিয়া প্রমুখ।
মতবিনিময় শেষে ভারতের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা ও সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেন।

