জাফলংয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টাকালে আটক ৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে চার যুবককে আটক করেছে র্যাব ৯। পরে প্লাস্টিকের বস্তা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের কাছে জাফলং-গোয়াইনঘাট সড়কে এই ঘটনা ঘটে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর প্রকাশ হাজীপুরের আনোয়ার হোসেন, জাফলং বস্তির শামছুল ইসলাম, মনাইকান্দি গ্রামের জাকির হোসেন ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের আজাদ মিয়া।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও তিনটি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

