গবেষণায় বিশেষ অবদানে তিন শিক্ষককে ভিসি অ্যাওয়ার্ড প্রদান
শাবির গবেষণা কেন্দ্রের ৯ম বার্ষিক সম্মেলন শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের ‘৯ম বার্ষিক গবেষণা ফাইন্ডিংস-২০২১’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৫টি টেকনিক্যাল সেশনে অনুষ্ঠিত হবে। যেখানে ২০১৮-১৯ অর্থবছরের ৩ বছর মেয়াদী ২৬টি প্রকল্প, ২০১৯-২০ অর্থবছরের ২ বছর মেয়াদী ২০টি এ্যাডভ্যান্সড গবেষণা প্রকল্প ও ২০২০-২১ অর্থ বছরের ১ বছর মেয়াদী ১২৯টি প্রমোশনাল গবেষণা প্রকল্পসহ সর্বমোট ১৭৫টি গবেষণাপত্র ও প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে।
শনিবার সকালে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম খান চৌধুরী ও শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাবি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং ভোট অব থ্যাংকস প্রদান করেন শাবি গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. এ. জেড. এম মঞ্জুর রশীদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু তাহের বলেন, দেশের উচ্চ শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে ইউজিসি। গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, সময়োপযোগী কারিকুলাম পরিবর্তন, প্রয়োজনীয় খাতে বরাদ্দ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যলয়গুলো শিক্ষা ও গবেষণার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যাপ্ত বাজেট বরাদ্দও দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে শাবি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতার পরিচয় দিয়ে আসছে, আশা করি আগামীতে এ ধারা অব্যহত থাকবে। এসময় শাবিতে আরো গুণগত ও মানসম্মত গবেষণায় মনোনিবেশ করতে সকলের প্রতি আহŸান জানান তিনি।’
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাবি। এ বিশ্ববিদ্যালয়ে যথাযথ ও গুণগত মান বজায় রেখে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী হচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের গবেষণায় আগামী বছরের বরাদ্দ আরও কয়েকগুণ বৃদ্ধি হচ্ছে।
এদিকে বিগত বছরে সম্পন্ন গবেষণাসমূহের মধ্যে তিনটি গবেষণাপত্র গবেষণায় বিশেষ অবদান রাখায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তিন শিক্ষককে ভিসি অ্যাওয়ার্ড-২১ (ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড) দেওয়া হয়েছে। এ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা গবেষণার ফলাফল ও গবেষণার মান, প্রকাশিত জার্নালসহ বিভিন্ন দিক বিবেচনায় আবেদনের প্রেক্ষিতে এ অ্যাওয়ার্ড লাভ করেন বলে জানা যায়।
