বড়লেখায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার দক্ষিণ লঘাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মনবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ছাবরতলা ইউনিয়নের কালিউতা এলাকার (বর্তমানে দক্ষিন লঘাটি বিল্লাল মিয়ার কলোনী ৮নং ঘর দাসের বাজার) মৃত ফালু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৪০) ও সিলেট জেলার বিয়ানিবাজার থানার দাসউরা বাজার ইউনিয়নের সাংলা এলাকার আব্দুল হাসিবের ছেলে আলী হোসেন(৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বড়লেখা থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার সন্ধ্যায় দাসেরবাজার দক্ষিণ লঘাটি হতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট জিরো টলারেন্স। মাদকমুক্ত সমাজ গঠনে বড়লেখা থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বড়লেখা গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ওসি।
