দক্ষিণ সুরমায় আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত শুরু
সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা এবং তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। ওই বাসায় তিনি ও তাঁর স্ত্রী একসঙ্গে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় বাথরুমে নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মরদেহের পাশেই রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা দল কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সার্বিক বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

