সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য, ভারতীয় খাসিয়া পান ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা গত ৩ ও ৪ নভেম্বর এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সিংগারখাল’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে গেলে স্থানটি থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকারের ২৮৭ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস চাদর, ২,২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫,০৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এই অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।
এদিকে বুধবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির অধীনস্থ লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির অপর এক বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান এবং ২টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
অভিযান দুটিতে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা সুসংহত রাখতে এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারিসহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত এসব মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই জিরো-টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

