সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা
দেশের সরকারি কলেজগুলোতে পড়ানো বিভিন্ন বিষয়ের অফিসিয়াল অনুমোদনপত্র চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে চালু থাকা অনুমোদিত বিষয়গুলোর কপি আগামী ৮ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মাউশির উপপরিচালক শওকত হোসেন মোল্যার সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে (২০১৮ বিধিতে জাতীয়করণকৃতসহ) পদসৃজনের জন্য উল্লিখিত কলেজেসমূহে পঠিত বিষয়সমূহের (১. উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এবং ২. ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক) অনুমোদনের অনুলিপি প্রয়োজন।
এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে পঠিত বিষয়সমূহের অনুমোদনের অনুলিপি (হার্ডকপি) আগামী ৮ নভেম্বরের মধ্যে উপপরিচালক, এইচআরএম, (কক্ষ নং-৫৩০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

