কানাডার ভিসার প্রলোভনে ফেসবুকে প্রতারণার ফাঁদ!
কানাডায় যাওয়ার স্বপ্ন দেখা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভিসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার নামে ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিয়ে পরবর্তীতে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে বলে জানা গেছে। দাবিকৃত অর্থ না দিলে অনলাইনে মানহানির ভয় দেখানো হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী সীমা বেগম নামের এক নারী নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২১ অক্টোবর সিলেটের বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০১৬) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Akram Khan’ (আকরাম খান) নামের একটি আইডি থেকে কানাডার ভিসা প্রসেসিংয়ে সহায়তার লোভনীয় বিজ্ঞাপন প্রচার করা হয়। বিজ্ঞাপনে আগ্রহী প্রার্থীদের ইমো (IMO) নম্বর ‘+1 581 803 5320’-তে যোগাযোগ করতে বলা হয়। চটকদার ভিডিও ও বিভিন্ন পোস্ট দেখে সেটিকে প্রকৃত ভিসা কনসালটেন্টের অ্যাকাউন্ট মনে করে যোগাযোগ করেন বিশ্বনাথের বাসিন্দা সীমা বেগম।
ভুক্তভোগীর অভিযোগ, যোগাযোগের পর কানাডার ভিসা আবেদনের সহায়তার নামে তাঁর ও তাঁর ব্যবসায়িক অংশীদার সেলিনা বেগমের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট ও ব্যক্তিগত ছবি সংগ্রহ করে চক্রটি। পরবর্তীতে নথিপত্র নেওয়ার পর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললে ‘সার্ভিস চার্জ’-এর নামে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ফেসবুকে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ও সম্মানহানির মারাত্মক ঝুঁকিতে দিন কাটাচ্ছেন সীমা বেগম ও সেলিনা বেগম। সীমা বেগম এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ফেসবুক প্রোফাইল পরিচালনাকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্বনাথ থানার পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
