দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, আশঙ্কাজনক ২
সুনামগঞ্জের দিরাইয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে দিরাই পৌরসভার দিরাই-শ্যামারচর আঞ্চলিক মহাসড়কের ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা দুজন হলেন—দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মতি দাসের ছেলে হিমেল দাস (১৯) ও একই গ্রামের জহরলাল দাসের ছেলে জয় দাস (২০)। দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের তানভীর মিয়া ও সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে হিমেল দাস ও জয় দাস একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে দিরাই শহরের দিকে যাচ্ছিলেন। একই সময়ে তানভীর মিয়া ও সাইফুল ইসলাম অপর একটি মোটরসাইকেলে করে দিরাই শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলই ক্ষতিগ্রস্ত হয় এবং চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে হিমেল দাস ও জয় দাসের মাথায় ও শরীরে গুরুতর আঘাত রয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
