মাধবপুর ও চুনারুঘাটের চা বাগানে শারদীয় উৎসবের আমেজ
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বী চা শ্রমিকদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে শিল্পপ্রতিষ্ঠান ‘সায়হাম’ গ্রুপের নিজস্ব তহবিল থেকে চা বাগানসহ মোট ২০৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের অংশ হিসেবে শ্রমিকদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতেই এই সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সরকারি অনুদান বিতরণের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
পূজার শুরু থেকেই সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নির্বাচনী এলাকায় অবস্থান করে বিভিন্ন সভা, শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণে অংশ নিচ্ছেন। তাঁর এবং তাঁর পরিবারের সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটের মণ্ডপগুলোতে এবার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
চা শ্রমিক নেতা দীপক কর্মকার বলেন, চা বাগানের শ্রমিকেরা প্রতিবছরই পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে ওঠেন। সরকারি সহায়তার পাশাপাশি সায়হাম কোম্পানির আর্থিক অনুদান শ্রমিকদের আনন্দকে দ্বিগুণ করেছে। এখন চা বাগানের প্রতিটি ঘরে পূজার আনন্দ বইছে।
তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দা হেমন্ত পান জানান, সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ সরাসরি বাগানে এসে শ্রমিকদের খোঁজখবর নিয়েছেন এবং কুশল বিনিময় করেছেন, যা শ্রমিকদের অত্যন্ত আপ্লুত করেছে।
চা বাগানগুলোতে এখন আলোকসজ্জা ও নানা আয়োজনে উৎসবের জোয়ার বইছে, যা বিজয়া দশমী পর্যন্ত অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবে এমন অংশগ্রহণ ও সহযোগিতামূলক মনোভাব অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

