মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলায় কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে পারিবারিক ও ব্যক্তিগত সচেতনতা। আজকের মহড়া ও আলোচনা সভার মূল লক্ষ্য হলো, দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস এবং তাৎক্ষণিক প্রস্তুতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা।
অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতি গ্রহণ, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে উদ্ধার তৎপরতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় আয়োজিত দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়াটি উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

